ফরাসি ভাষায় বৃষ্টি খুব বেশি হলে বলা হয়, ‘ইল প্ল্য দে কর্দ’। শব্দ ধরে ধরে অনুবাদ করলে দাঁড়ায়, ‘আকাশ থেকে দড়ি পড়ছে’। কিন্তু কথাটির আসল অর্থ হলো, ‘মুষলধারে বৃষ্টি হচ্ছে’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি এমন কথার সঠিক অর্থ বুঝতে পারে? পারে, তবে সব সময় নয়। আর এখানেই অনুবাদের কাজে মানুষের প্রয়োজনীয়তা এখনো রয়ে গেছে।

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অনুবাদের কাজে এআইয়ের ব্যবহার বাড়ছে। গুগল ট্রান্সলেট, ডিপএল, চ্যাটজিপিটি, জেমিনি—এমন নানা সেবার সাহায্যে মুহূর্তেই এক ভাষার লেখা অন্য ভাষায় অনুবাদ করা যায়। গুগলের তথ্য অনুযায়ী, তাদের অনুবাদসেবা ব্যবহার করে প্রতি মাসে প্রায় এক লাখ কোটি শব্দ অনুবাদ করা হচ্ছে। এত বিপুল পরিমাণ কাজ মানুষের পক্ষে করা সম্ভব নয়।

তাহলে কি একসময় অনুবাদকের আর কোনো প্রয়োজনই হবে না?

গুগলের তথ্য অনুযায়ী, তাদের অনুবাদসেবা ব্যবহার করে প্রতি মাসে প্রায় এক লাখ কোটি শব্দ অনুবাদ করা হচ্ছে। এত বিপুল পরিমাণ কাজ মানুষের পক্ষে করা সম্ভব নয়।

এআইয়ের সাহায্যে অনুবাদ করলে সময় ও খরচ দুটোই বাঁচে। সুইজারল্যান্ডের অলাভজনক সংস্থা ‘ওপেন নলেজ অ্যাসোসিয়েশন’ উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার নিবন্ধ অনুবাদ করে। সংস্থাটির প্রতিষ্ঠাতা জন জিমারম্যান জানান, এআইয়ের সাহায্য ছাড়া ১০ হাজার নিবন্ধ অনুবাদ করতে লাখ লাখ ডলার খরচ হতো।

তাদের পদ্ধতিতে প্রথমে এআই দিয়ে অনুবাদের খসড়া তৈরি করা হয়। এরপর একজন মানুষ প্রতিটি বাক্য যাচাই করেন। কয়েক বছর আগেও এআইয়ের অনুবাদে অনেক ভুল থাকত, তাই অনুবাদকদের বেশ কিছু বাক্য নতুন করে লিখতে হতো। এখন অনেক ক্ষেত্রেই অনুবাদ এত সাবলীল হয় যে আলাদা করে সংশোধনের প্রয়োজন পড়ে না।

সংস্থাটির প্রতিষ্ঠাতা জন জিমারম্যান জানান, এআইয়ের সাহায্য ছাড়া ১০ হাজার নিবন্ধ অনুবাদ করতে লাখ লাখ ডলার খরচ হতো

তবু সব লেখা একই রকম নয়। কোনো পণ্যের বিবরণ বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সাধারণ নথি অনুবাদে ছোটখাটো ভুলের প্রভাব কম হতে পারে। কিন্তু বিশ্বকোষ, চিকিৎসা কিংবা আদালতের নথিতে একটি ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে।

মাদাম এক্স, এপুজ ওয়াই কথাটির অর্থ, মিসেস এক্স, ওয়াইয়ের স্ত্রী। এআই সেটিকে অনুবাদ করেছিল এমনভাবে, যেন এক্স নামের নারী ওয়াইকে বিয়ে করছেন।

একটি ভুল অনুবাদ, বড় বিপদ

ইংরেজি থেকে ফরাসি ভাষায় আদালতের নথি অনুবাদ করেন আরিয়েলা বাল্টার। সম্প্রতি এক ব্যক্তি এআই দিয়ে নিজের কিছু নথি অনুবাদ করিয়ে তাঁর কাছে যাচাইয়ের জন্য পাঠান। নথির শুরুতেই তিনি দুটি বড় ভুল খুঁজে পান।

ফরাসি ভাষার ‘লে দেমঁদর’ শব্দটির অর্থ মামলার বাদী। কিন্তু এআই সেটিকে অনুবাদ করেছিল ‘অনুরোধকারী’ হিসেবে। আইনি নথিতে এটি যথাযথ অর্থ প্রকাশ করে না। আবার ‘মাদাম এক্স, এপুজ ওয়াই’ কথাটির অর্থ, ‘মিসেস এক্স, ওয়াইয়ের স্ত্রী’। এআই সেটিকে অনুবাদ করেছিল এমনভাবে, যেন এক্স নামের নারী ওয়াইকে বিয়ে করছেন। অর্থাৎ, একটি পরিচয় বোঝানো শব্দকে বিয়ের কাজ বোঝাতে ব্যবহার করেছে যন্ত্র।

ফরাসি ভাষার লে দেমঁদর শব্দটির অর্থ মামলার বাদী। কিন্তু এআই সেটিকে অনুবাদ করেছিল অনুরোধকারী হিসেবে। আইনি নথিতে এটি যথাযথ অর্থ প্রকাশ করে না।

আইনি নথিতে এমন ভুলের পরিণতি গুরুতর হতে পারে। যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদনপত্র যন্ত্রের সাহায্যে অনুবাদ করতে গিয়ে ভুল হওয়ায় আটক ব্যক্তিদের মুক্তি পেতে দেরি হওয়ার ঘটনাও ঘটেছে। চিকিৎসার ক্ষেত্রে ভুল অনুবাদ আরও বিপজ্জনক। চিকিৎসাবিষয়ক অনুবাদক ক্যারল বেরিউটার এমন একটি অনুবাদ দেখেছিলেন, যেখানে গ্রিক বর্ণ ‘μ’ (মিউ) থেকে বোঝানো ‘মাইক্রো’-কে ভুল করে ‘মিলি’ হিসেবে লেখা হয়েছিল।

চিকিৎসাবিষয়ক অনুবাদক ক্যারল বেরিউটার

এ দুটি মোটেও এক নয়। এক মিলিগ্রাম হলো এক মাইক্রোগ্রামের এক হাজার গুণ। ফলে ওষুধের মাত্রা বোঝানোর সময় এমন ভুল হলে রোগী নির্ধারিত মাত্রার চেয়ে এক হাজার গুণ বেশি ওষুধ পেতে পারেন। এতে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি থাকে। আরেকটি সমস্যা হলো, এআইয়ের অনুবাদ এখন অনেক বেশি সাবলীল। আগে ভুল অনুবাদে ব্যাকরণগত সমস্যা থাকত কিংবা বাক্য অস্বাভাবিক শোনাত। এখন অনেক ভুল বাক্যও পড়তে একেবারে স্বাভাবিক মনে হয়। ফলে ভুল ধরতে আরও বেশি মনোযোগ প্রয়োজন হয়।

এক মিলিগ্রাম হলো এক মাইক্রোগ্রামের এক হাজার গুণ। ফলে ওষুধের মাত্রা বোঝানোর সময় এমন ভুল হলে রোগী নির্ধারিত মাত্রার চেয়ে এক হাজার গুণ বেশি ওষুধ পেতে পারেন।

শুধু শব্দের অর্থ বুঝলেই হয় না

একটি বাক্যের সঠিক অনুবাদ করতে হলে এর প্রাসঙ্গিকতা বুঝতে হয়। একই শব্দ বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। ফুটবল খেলার ধারাভাষ্যে ‘টেকিং আ কর্নার’ বলতে কর্নার কিক নেওয়া বোঝায়। কিন্তু খেলার প্রসঙ্গ না বুঝলে অনুবাদে ভুল হতে পারে।

ফরাসি ভাষার ‘ইল প্ল্য দে কর্দ’ কথাটির উদাহরণেও একই বিষয় দেখা যায়। আক্ষরিক অর্থে শব্দগুলোর অনুবাদ করলেই হবে না, বুঝতে হবে কথাটি আসলে কী বোঝাচ্ছে। ভাষার এমন বহু বাগ্‌ধারা, রসিকতা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে, যেগুলো সঠিকভাবে অনুবাদ করতে প্রসঙ্গের জ্ঞান থাকা জরুরি।

এ বিষয়ে গবেষণাও হয়েছে। উইকিমিডিয়ার অর্থায়নে ওপেন নলেজ অ্যাসোসিয়েশন ১১৯টি নিবন্ধ, ২০টি ভাষা এবং অনুবাদকদের এক হাজার ঘণ্টার বেশি কাজ বিশ্লেষণ করে। গবেষণায় দেখা যায়, প্রকাশের আগে এআইয়ের তৈরি লেখার ২৭ শতাংশ সংশোধন করতে হয়েছিল। এসব সংশোধনের চার ভাগের তিন ভাগই ছিল এআইয়ের তৈরি করা ভুল। আর ৫ থেকে ৬ শতাংশ ভুল মূল লেখার অর্থই পুরোপুরি বদলে দিয়েছিল।

গবেষণায় দেখা যায়, প্রকাশের আগে এআইয়ের তৈরি লেখার ২৭ শতাংশ সংশোধন করতে হয়েছিল। এসব সংশোধনের চার ভাগের তিন ভাগই ছিল এআইয়ের তৈরি করা ভুল।

ভবিষ্যতে কী হবে

ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের স্বয়ংক্রিয় অনুবাদবিষয়ক গবেষক ফ্রাঁসোয়া ইভোঁর মতে, এআই অনুবাদব্যবস্থা শতভাগ নির্ভরযোগ্য হয়ে উঠবে, এমনটা ভাবা কঠিন। কারণ, এআই অনেক সময় সম্ভাবনার ভিত্তিতে শব্দ ও বাক্য বেছে নেয়। কোনো অনুবাদ সঠিক হওয়ার সম্ভাবনা বেশি হলেই যে সেটি নিশ্চিতভাবে সঠিক হবে, এমন নয়।

তবে ভবিষ্যতের অনুবাদব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করছেন গবেষকেরা। এমন ব্যবস্থা তৈরি হতে পারে, যেখানে একটি এআই অনুবাদ করবে, অন্যটি সেই অনুবাদের ভুল খুঁজবে, আরেকটি সংশোধিত সংস্করণ তৈরি করবে। এভাবে একাধিক এআই একসঙ্গে কাজ করে অনুবাদের মান বাড়াতে পারবে।

তবে ইভোঁর মতে, সবচেয়ে বড় অগ্রগতি হবে তখনই, যখন এআই শুধু অনুবাদ করেই থেমে থাকবে না, বরং কোন জায়গায় সে নিশ্চিত নয়, সেটিও মানুষকে জানাতে পারবে। তাহলে অনুবাদের কাজে মানুষের প্রয়োজন কি ফুরিয়ে যাবে? সাধারণ লেখা অনুবাদে হয়তো মানুষের সাহায্য ক্রমেই কম লাগবে। কিন্তু যেখানে একটি শব্দের ভুল অর্থ বড় ক্ষতি করতে পারে, সেখানে মানুষের যাচাই এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভাষা মানে শুধু শব্দের অর্থ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রসঙ্গ, সংস্কৃতি, অনুভূতি আর মানুষের অভিজ্ঞতা। এআই যতই উন্নত হোক, অনুবাদটি সত্যিই সঠিক কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপাতত মানুষের হাতেই থাকছে।

সূত্র: বিবিসি