ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই–মেইল পেয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। ই–মেইলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানো হয়েছে।

শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের ম্যাট্রিক্স চেম্বার্সের দিল্লি মিশনের কাছে পাঠানো ই–মেইলটি সোমবার সকালেই ঢাকায় পাঠানো হয়। বিশেষ করে শেখ হাসিনার কোনো ধরনের ‘অথরাইজেশন’-সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছাড়া পাঠানো ওই ই–মেইলের বিষয়ে পরবর্তী করণীয় বা নির্দেশনা জানতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। ঢাকা ও দিল্লিতে কর্মরত বাংলাদেশের একাধিক কূটনীতিক প্রথম আলোকে এ তথ্য জানান।

দিল্লির কূটনৈতিক একটি সূত্র সোমবার সকালে ই–মেইল পাওযার বিষয়টি নিশ্চিত করে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করে যে, এ ধরনের একটি ই–মেইল দিল্লি হাইকমিশন পেয়েছে। সেটি সঙ্গে সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় দিল্লি হাইকমিশন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম আলোকে বলেন, ম্যাট্রিক্স চেম্বার্সের আবেদনটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’-সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রিক্সের মেইলের শুরুতে আইনজীবী লিখেছেন, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তাঁর পক্ষে যোগাযোগ করছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।

হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে রয়টার্স তাদের হাতে আসা এক চিঠির বরাতে জানায়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত আবেদন করেছেন।

ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ই–মেইল

রয়টার্সের ওই প্রতিবেদনে আরও জানানো হয়,  ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।

ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

আবেদনের ভিত্তি দুর্বল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এই চিঠির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেওয়াকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না। বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না, বাংলাদেশ তাদের প্রত্যর্পণ করতে বলে।’

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি গত জুলাই মাসে রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার ওই আবেদনের ভিত্তি ‘লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি’ দুর্বল। যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের মক্কেল (ক্লায়েন্ট) আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন।

বাংলাদেশি জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে তাদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাঁদেরই লজ্জিত করবে বলে মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।