ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আজ মঙ্গলবার সকালে আটক করেছে দিল্লি পুলিশ। তালাবদ্ধ ফটক টপকে যন্তর মন্তরে প্রবেশ করার পর তাঁদের আটক করা হয়।

আশুতোষ রাঙ্কা এ নিয়ে নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি, সৌরভ ও অজিঙ্ক শিন্ডে যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে ঢুকছেন। সেখানে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন তাঁরা। পরে উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন ও আটক করেন।

দিল্লি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সৌরভ ও আশুতোষের সঙ্গে আরও অন্তত ১০ জন ছিলেন। তাঁদের কয়েকজন জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে ঢুকে পড়তে সক্ষম হন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে তাঁরা সেখানে গিয়েছিলেন। তাঁদের সবাইকে আটক করা হয়েছে।

সেখানকার একটি ভিডিওতে আশুতোষ রাঙ্কা ও অন্যদের ‘ভারত মাতা কি জয়’ (ভারত মায়ের জয়) ও ‘জ্ঞানেশ কুমার ইস্তফা দো’ (জ্ঞানেশ কুমার পদত্যাগ করুন) স্লোগান দিতে দেখা যায়।

পরে এক্সে এক পোস্টে সৌরভ দাস জানান, তাঁদের জাফরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও লেখেন, ‘আমরা এটি (যন্তর মন্তর) পুনরুদ্ধার করেছি।’

দিল্লি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সৌরভ ও আশুতোষের সঙ্গে আরও অন্তত ১০ জন ছিলেন। তাঁদের কয়েকজন জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে ঢুকে পড়তে সক্ষম হন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে তাঁরা সেখানে গিয়েছিলেন। তাঁদের সবাইকে আটক করা হয়েছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘জাতীয় পতাকা হাতে ককরোচরা আজ ভোরে যন্তর মন্তরে ঢুকে পড়েছিল। পরে দিল্লি পুলিশ তাদের আটক করে।’

সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্ক শিন্ডেকে যন্তর মন্তরে প্রবেশের কারণে আটকের পর এক্সে দেওয়া পোস্টে দিপকে আরও বলেন, ‘আপনি (কোনো স্থানের) প্রতিরোধস্থলের মর্যাদা বাতিল করে দিতে পারেন না।’

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে সৌরভ দাস বলেন, ‘যন্তর মন্তরের নির্ধারিত প্রতিবাদস্থলের মর্যাদা বাতিল করার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে আমরা জায়গাটি পুনরুদ্ধার করেছি।’ তিনি আরও বলেন, ‘এটি সরকারের প্রতি একটি বার্তা—জনগণের যন্তর মন্তর থেকে হাত গুটিয়ে নিন! জ্ঞানুর সময় শেষ।’

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আর কাউকে বিক্ষোভ সমাবেশ বা ধরনায় বসতে দেওয়া হবে না। গত রোববার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

যন্তর মন্তরের পরিবর্তে বিক্ষোভ সমাবেশের জন্য তিনটি জায়গা ঠিক করে দেওয়া হয়েছে। সেগুলো হলো পুরান দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারির মাঠ ও পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা ‘সিবিডি’ ময়দান।

এ নির্দেশিকা জারি করে দিল্লি পুলিশ বলেছে, এবার থেকে বিক্ষোভ দেখাতে হলে এ তিনটি জায়গার কোনো একটি বেছে নিতে হবে।

অর্থাৎ সেন্ট্রাল বা মধ্য দিল্লির কোথাও আর বিক্ষোভের অনুমতি থাকল না।

চলতি বছরের জুন থেকে যন্তর মন্তর ভারতে শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে চলা প্রতিবাদ-বিক্ষোভের কেন্দ্র হয়ে ওঠে। এসব বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে অভিজিৎ দিপকের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভর্তি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিজেপির ডাকে গড়ে ওঠা বিক্ষোভের মুখে ভারতের সে সময়ের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন।

প্রতিবাদস্থল হিসেবে যন্তর মন্তরের মর্যাদা বাতিলের আদেশের প্রতিক্রিয়ায় অভিজিৎ দিপকে বলেন, এখন পুরো দেশ যন্তর মন্তর হয়ে উঠবে।

এক্সে দিপকে লেখেন, ‘তারা নির্ধারিত প্রতিবাদস্থল হিসেবে যন্তর মন্তরের মর্যাদা বাতিল করেছে। হ্যাঁ, এটি আর প্রতিবাদস্থল নয়। কারণ “কাপুরুষ স্বৈরশাসক” এটিকে এমনিতেই যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল। এখন পুরো দেশ যন্তর মন্তর হয়ে উঠবে!’