সরকারি কলেজের শিক্ষক ও বিভিন্ন দপ্তর–সংস্থায় কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে অফিস আদেশে কিছুই বলা হয়নি।

বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কমবেশি ১৬ হাজারের মতো কর্মকর্তা আছেন। সম্প্রতি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

সরকারি কলেজের শিক্ষক ও বিভিন্ন দপ্তর–সংস্থায় বিভিন্ন পদে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নের কাজ এত দিন শিক্ষা মন্ত্রণালয়ের হাতে ছিল। গত জুলাইয়ে নতুন নীতিমালা করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বদলি ও পদায়নের কাজ বিকেন্দ্রীকরণ করে তিনটি কমিটির মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সাম্প্রতিক এক সংশোধনীর মাধ্যমে কার্যত মন্ত্রণালয়ের হাতেই বদলি ও পদায়নের বেশির ভাগ ক্ষমতা রাখা হয়েছে।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলির কাজ (অঞ্চলের ক্ষেত্রে) হবে মাউশির আঞ্চলিক কার্যালয়ের পরিচালকের নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে। তবে কলেজের কোনো প্রভাষক ও সহকারী অধ্যাপক নিজ অঞ্চল (মাউশি নির্ধারিত অঞ্চল) থেকে অন্য অঞ্চলে বদলি হতে চাইলে মাউশির সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কাছে আবেদন করতে পারবেন। তবে পরিচালক তাঁদের বদলি করতে পারবেন না। আবেদন যাচাই–বাছাই করে সুপারিশসহ মন্ত্রণালয়ে পাঠাবেন তিনি।

অর্থাৎ প্রভাষক ও সহকারী অধ্যাপকেরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে চাইলে বদলির ক্ষমতা কার্যত মন্ত্রণালয়ের হাতেই থাকল। তবে দপ্তর ও সংস্থার পদ ছাড়া সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যে কলেজে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে বদলি বা পদায়নের কাজটি মাউশির সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের সভাপতিত্বে চার সদস্যের কমিটি করবে। পদ শূন্য থাকা সাপেক্ষে ইনসিটু (পদোন্নতি হলেও আগের পদেই রাখা) থেকে নিয়মিত পদে বদলি–পদায়নের আদেশ জারি করাও এ কমিটির কাজ।

সরকারি কলেজের সহযোগী অধ্যাপকদের বদলির কাজ করবে মাউশির মহাপরিচালকের নেতৃত্বাধীন কমিটি। ঢাকা মহানগর, দপ্তর ও সংস্থার পদ ছাড়া সহযোগী অধ্যাপকদের বদলি বা পদায়নের আবেদন যাচাই করে বদলির আদেশ জারি করবে এ কমিটি।

এ ছাড়া সহযোগী অধ্যাপক, অধ্যাপক, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার সব পদ এবং কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের বদলি ও পদায়ন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটি।