রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আজ শনিবার দুপুরে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজন আটক হয়েছেন। তাঁদের মধ্যে একজন নারীও আছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে।

আটক বাকি তিন জনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে শাহবাগ থানা থেকে তাঁদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

এ বিষয়ে বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিল্পকলার সামনে থেকে আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি। সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে

এর আগে শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক প্রথম আলোকে বলেছিলেন, শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।

৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।