কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের আজগরা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে উদ্ধারকাজের জন্য লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনার পর বেসরকারি ট্রেনটির যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটিতে প্রায় ১০টি বগি ছিল। এর মধ্যে ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে আরেকটি রেললাইন দিয়ে রেলপথটিতে অন্য ট্রেনের চলাচল অব্যাহত আছে।

ট্রেনটির যাত্রী আবুল কালাম ফেনী থেকে লাকসামে আসছিলেন। তিনি বলেন, লাকসামের নাওটি স্টেশন পার হওয়ার পর বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হয়।

লাকসামের নাওটি স্টেশন পার হওয়ার পর বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হয়

স্থানীয় সূত্রে জানা যায়, নাওটি স্টেশনের উত্তর পাশে এসব বগি লাইনচ্যুত হয়েছে। রেললাইনে কাজ চলার সময় লাইন খোলা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার সময় ওই এলাকায় রেলওয়ের প্রকৌশল বিভাগের কোনো কাজ চলছিল কি না, জানতে চাইলে লাকসাম রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার ওমর ফারুক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। রেলওয়ের প্রকৌশল বিভাগ কোনো কাজ করলে আগে ও পরের দুই স্টেশনকে জানায়। তবে এ ধরনের কাজের বিষয়ে তাঁরা কোনো তথ্য পাননি।

দুর্ঘটনার পর থেকে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ আছে জানিয়ে ওই স্টেশনমাস্টার বলেন, তবে ডাউনলাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল করছে। লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রেলওয়ের প্রকৌশল বিভাগের (পূর্বাঞ্চল) অধীন ফেনী অঞ্চলের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী সারোয়ার আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে দুর্ঘটনার সময় রেললাইনে কোনো কাজ চলছিল কি না এবং কাজের জন্য লাইন খোলা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তদন্ত কমিটি গঠন

কুমিল্লার লাকসামে ঢাকা–চট্টগ্রাম রেলপথে কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকাসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে ঘটনার পর সংশ্লিষ্টরা তিনটি বগির কথা বলেছিলেন। এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষ করে রাত ১২টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ দুর্ঘটনায় সাতজন যাত্রীর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারো অবস্থা গুরুতর নয়।

এদিকে সন্ধ্যায় চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছালে ক্ষতিগ্রস্ত ট্রেন ও লাইন মেরামতের কাজ শুরু হয়। উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষ করে রাত ১২টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রেলওয়ের প্রকৌশল বিভাগের (পূর্বাঞ্চল) অধীন ফেনী অঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শীল সাংবাদিকদের বলেন, দুটি কারণে এ দুর্ঘটনা হতে পারে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। দুটি ডিপার্টমেন্টেরই দায় থাকতে পারে। ট্রাফিক কিংবা ইঞ্জিনিয়ারিং। এক হচ্ছে লাল পতাকা দেখানোর পরও ট্রেন থামাতে পারেননি, অন্যটা হচ্ছে গতকাল মঙ্গলবার থেকে রেললাইনের কাজ চলছে, তা অফিসিয়ালি কাগজপত্রে কোনো নির্দেশনা পাঠানো হয়নি।