আইনি জটিলতা সমাধান না করে তৃতীয় শ্রেণির লাইসেন্স দেওয়ার জন্য অনুষ্ঠেয় ১৭ অক্টোবরের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ অ্যাসোসিয়েশন’। অন্যথায় পরীক্ষা কেন্দ্র ঘেরাও এবং প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নানের পদত্যাগের দাবিতে প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইকবাল শামীম, আইনজীবী মোহাম্মদ সাইফুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বয়লার পরিচালক বিধিমালা ১৯৫৩ এর আলোকে ২০১০ সালের গেজেটে প্রকাশিত বিধিমালার আলোকে বয়লার পরিচারকরা প্রথম ও দ্বিতীয় শ্রেণি সনদপ্রাপ্ত হয়ে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
কিন্তু ২০২২ সালে বয়লার আইনের গেজেটে প্রকাশ করে।
আইনের ৯ ধারায় সনদের পরিবর্তে বয়লার পরিচালনা লাইসেন্সের বিধান রাখা হয়। আইনের ১২ ধারায় লাইসেন্সের শ্রেণি বিন্যাস করে তিন শ্রেণিতে বিভক্ত করা হয়।
গ্রেড-১, গ্রেড-২ ও গ্রেড-৩। আইনের ১২ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দায়ের করলে ২০২২ সালে রুল জারি করে স্থিতাদেশ দেন।
তবে বয়লার কর্তৃপক্ষ এ মামলাটি নিষ্পত্তি না করে বয়লার নীতিমালা ২০২৫ গেজেটে প্রকাশ করে। এছাড়া সনদ এবং লাইসেন্স সংক্রান্ত বিরোধের রিট নিষ্পত্তি না করে তৃতীয় শ্রেণির লাইসেন্স দেওয়ার জন্য ১০ আগস্ট পরীক্ষা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। আগামী ১৭ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অবস্থায় রিট আবেদনকারী মো. সহিদুল ইসলাম পরীক্ষা স্থগিত আবেদন এবং রিটের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান একটি লিগ্যাল নোটিশও দেন। কিন্তু কর্তৃপক্ষ এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রথম ও দ্বিতীয় গ্রেডে সনদপ্রাপ্ত হয়ে বর্তমানে কর্মরত বয়লার পরিচারকরা তাদের সনদটি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে রূপান্তরিত করায় সংক্ষুব্ধ। এ অবস্থায় রিট নিষ্পত্তি না করে তৃতীয় শ্রেণির নতুন লাইসেন্স দিলে দ্বিতীয় শ্রেণির সনদধারীরা লাইসেন্স ধারীদের চেয়ে জুনিয়র হয়ে যাবে। ফলে চাকরির ক্ষেত্রে অস্থিরতা তৈরি করবে। তাই পরীক্ষা স্থগিত না করলে পরীক্ষা গ্রহণের কেন্দ্র এবং প্রধান পরিদর্শক আব্দুল মান্নানের পদত্যাগের দাবিতে রোববার প্রধান কার্যালয় ঘেরাও করা হবে।


0 Comments