বিভিন্ন অবৈধপথ দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রায়শেই প্রাণহানির খবর পাওয়া যায়। আবার বিভিন্ন সময় দালালচক্রের খপ্পরে পড়ে অনেককেই ভোগান্তি পোহাতে হয়। এসব সমস্যা কাটিয়ে বৈধপথে ইতালি যাওয়ার সুযোগ সৃষ্টিতে কাজ করছে সরকার।
বাংলাদেশ সফরে আসা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির উপস্থিতিতে মঙ্গলবার (৬ মে) এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, ইতালির সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ চলছে একটা মাইগ্রেশন চুক্তির বিষয়ে। মঙ্গলবার সেই চুক্তি হতে পারে। ইতালি সরকার বিভিন্ন সেক্টরে শ্রমিক নেবে। শ্রমিক নেয়ার সংখ্যাটা অনেক বড় হতে পারে। পাশাপাশি ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় আইটি সেক্টরসহ বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক নিতেও আগ্রহী বলে জানান শ্রম সচিব।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি বিষয়ক সমঝোতা স্মারকটি (এমওইউ) সই হতে পারে।
এছাড়া ইতালি অ্যাম্বেসিতে আটকে থাকা ওয়ার্ক পারমিট পাওয়া অনেক ভিসাপ্রত্যাশীর ফাইল যাতে দ্রুত ছাড়া হয় সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

No comments:
Post a Comment