জিম্মিদের মুক্তির অজুহাতে গাজার ফিলিস্তিনিদের ওপর নারকীয় তাণ্ডব চালানোর পর এবার ভিন্ন কথা বলছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, জিম্মিদের মুক্তি নয়, যুদ্ধের প্রধান উদ্দেশ্য হামাসকে পরাজিত করা।



হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির কথা বলে গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানও তোয়াক্কা করছেন না নেতানিয়াহু। তবে এতদিন পর এখন তার কণ্ঠে ভিন্ন সুর।


 

গত বৃহস্পতিবার (১ মে) জেরুসালেমে স্বাধীনতা দিবস বাইবেল কনটেস্ট শীর্ষক এক অনুষ্ঠিানে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, গাজা যুদ্ধের প্রধান উদ্দেশ্য জিম্মিদের মুক্তি নয় বরং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করা।

 

সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে ৫৯ জন জিম্মির তথ্য গোপন করে তাদের নিরাপদে ফেরানোর সম্ভাবনা ভেস্তে দেয়ার অভিযোগ ওঠে। যা জিম্মিদের পরিবারগুলোকে ক্ষুদ্ধ করে। 

 

 

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অনেকেই নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন। তারা বলেন, জিম্মিদের ফিরিয়ে আনা কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ না। বরং এটাই ইসরাইল সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। 

 

এদিকে গাজাজুড়ে অব্যাহত আছে ইসরাইলি হামলা। শুক্রবার (২ মে) উপত্যকার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে শিশুসহ অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছেন। 

 

উপত্যকায় ইসরাইলি অবরোধও অব্যাহত রয়েছে। ত্রাণ প্রবেশের আন্তর্জাতিক আহ্বানেও সাড়া দিচ্ছে না তেল আবিব। গাজা-মিশর সীমান্তে আটকে আছে প্রায় ৩ হাজার ত্রাণবাহী ট্রাক।

 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দুই মাস ধরে চলা ইসরাইলি অবরোধে গাজার শিশুরা মানবিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে উপত্যকায় ত্রাণ প্রবেশের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র